দিয়া মির্জাকে ‘হিন্দু-বিরোধী’ তকমা! বিজেপি নেতাদের কটাক্ষে ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, দিল বড় বার্তা
দিওয়ালি ও কালীপুজোয় প্রকাশ্যে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তাঁর সেই বার্তাকে কেন্দ্র করে বিজেপি নেতাদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এমনকি, তাঁকে হিন্দু-বিরোধী বলেও আক্রমণ করার অভিযোগ ওঠে। এ বার সেই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল বম্বে হাই কোর্ট। দিয়া মির্জার পাশে দাঁড়িয়ে আদালত মনে করিয়ে দিল, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের বিষয়কে কোনও বিশেষ ধর্মের সঙ্গে জুড়ে দেখা উচিত নয়।বিচারপতি গিরিশ কুলকার্নি এবং বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেছে। আদালতের বক্তব্য, বাজি পোড়ানো নিয়ন্ত্রণের আবেদন আসলে পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে। তাই এই উদ্যোগকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা ঠিক নয়।ঘটনার সূত্রপাত বৃহন্মুম্বই পুরসভার একটি সচেতনতামূলক ভিডিয়োকে ঘিরে। আদালতের নির্দেশ মেনে প্রকাশ্যে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে ওই ভিডিয়োতে বার্তা দিয়েছিলেন দিয়া মির্জা। পুরসভার অনুরোধেই তিনি এই কাজ করেছিলেন। কিন্তু বিজেপি নেতাদের একাংশের আপত্তির পর পুরসভা নিজেদের সমাজমাধ্যমের পাতা থেকে ভিডিয়োটি সরিয়ে নেয় বলে অভিযোগ। সেই সঙ্গে দিয়া মির্জাকে হিন্দু-বিরোধী বলেও আক্রমণ করা হয়।এই ঘটনার সমালোচনা করে বিচারপতি গিরিশ কুলকার্নি বলেন, আদালতের আগের নির্দেশ সম্পর্কে না জেনেই এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে আদালত যে নির্দেশ দিয়েছিল, দিয়া মির্জা শুধু সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে এই ধরনের আপত্তি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন বিচারপতি।আদালত আরও মনে করিয়ে দিয়েছে, দিওয়ালি কোনও একটি সম্প্রদায়ের উৎসব নয়। দেশের সব ধর্মের মানুষই এই উৎসব উদ্যাপন করেন। তাই পরিবেশ রক্ষার বার্তাকে ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়।বিচারপতি নীলা গোখলে বলেন, বিষয়টি সম্পূর্ণ ভাবে পরিবেশ ও স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। সবাই একই বাতাসে শ্বাস নেন। তাই বাজি পোড়ানো নিয়ন্ত্রণের কথা বলার অর্থ কারও উৎসব পালনের অধিকার কেড়ে নেওয়া নয়।আদালতের মতে, মুম্বইয়ের মতো শহরে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। কয়েক জনের মন্তব্যের কারণে সেই ভারসাম্য নষ্ট হওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে বৃহন্মুম্বই পুরসভাকে দিয়া মির্জার ওই সচেতনতামূলক ভিডিয়ো আবার সমাজমাধ্যমে প্রকাশ করার নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট।

